স্টাফ রিপোর্টার: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের সঙ্গে কারগারে দেখা করেছেন তার আইনজীবীরা। শনিবার বেলা ১১ টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সাথে দেখা করেছেন শিশির মনিরের নেতৃত্বে পাঁচ আইনজীবীকে। মৃত্যুদণ্ড বহাল রাখার পর জামায়াতের সেক্রেটারির সঙ্গে তার আইনজীবীদের এটাই প্রথম সাক্ষাৎ।
শিশির মনিরের সঙ্গে রয়েছেন নজিবুর রহমান, কামাল উদ্দিন, মতিউর রহমান আকন্দ ও মশিউল আলম। বেলা ১১টা ৫০ মিনিট পর্যন্ত তারা মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন। বেলা ১১টা ৫৫ মিনিটে কারাগার থেকে বের হন ওই পাঁচ আইনজীবী।
এ সময় শিশির মনির সাংবাদিকদের বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর রিভিউ আবেদন করতে বলেছেন মুজাহিদ। তিনি বিশ্বাস করেন, রিভিউ আবেদন করলে তিনি সব অভিযোগ থেকে খালাস পাবেন।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একাত্তরে মানবতারিবোধী অপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে মুজাহিদের আপিলের রায় গত ১৬ জুন দেয়া হয়। এতে বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও সহযোগিতার দায়ে আলবদর বাহিনীর প্রধানের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।