মোবাইল কোর্ট (সংশোধন) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা

স্টাফ রিপোর্টার :  ‘মোবাইল কোর্ট (সংশোধন) আইন, ২০১৫’-এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা।
তিনি জানান, ‘মোবাইল কোর্ট (সংশোধন) আইন, ২০১৫’-এর খসড়ায় মন্ত্রিসভা নীতিগত অনুমোদন দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে ‘বাংলাদেশ শিল্পপ্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৫’ এবং ‘পাট আইন, ২০১৫’ এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদনের জন্য এ দুটি আইন মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করে যথাক্রমে শিক্ষা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
 গত ৩০ মার্চ থেকে ১১ এপ্রিল মেয়াদে শিল্পমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের কথা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
এছাড়া গত ২০ ও ২১ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ‘ব্যবসা ও জলবায়ু সম্মেলনে’ পরিবেশ ও বনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণের কথা উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
Comments (0)
Add Comment