ম্যাককালামের মুখে মাহমুদউল্লাহ’র প্রশংসা

স্পোর্টস করেসপন্ডেন্ট:
বাংলাদেশ ও নিউজিল্যান্ড দুটি দলই পুল ‘এ’ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছিল। শুক্রবার শেষ ম্যাচটি ছিল তাই নিয়ম রক্ষার। তারপরও জয়ের লক্ষ্য ছিল দুই দলেরই। সাম্প্রতিক পরিসংখ্যানে দলের লড়াইয়ে অনেকটাই এগিয়েছিল টাইগাররা। শেষ দুই ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল কিউইরা। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি ছিল কিউইদের প্রতিশোধের মিশন। শেষ পর্যন্ত শুক্রবার হ্যামিল্টনে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচ শেষে স্বাগতিক দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের মুখে প্রতিশোধের আঁচ পাওয়া যায়নি। বরং প্রতিপক্ষের ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। বাংলাদেশ দল আগে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনার ইমরুল এবং তামিমকে হারিয়ে ছিল ব্যাকফুটে। পরে সেখান থেকে দলকে টেনে তোলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এমনকি বাংলাদেশের এই মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যাটে চেপেই লড়াই করার মতো পুঁজিও পায় টাইগাররা। আগের ম্যাচে ইংল্যান্ড এবং পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই সেঞ্চুরি তুলে নিয়েছেন রিয়াদ। আর তাই প্রতিপক্ষের অধিনায়ক ম্যাককালামের কন্ঠে ঝরে পড়েছে মাহমুদউল্লাহ’র প্রশাংসাগীতি। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিতে তিনটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন কিউই দলপতি। এই বিষয়ে তিনি বলেন, ‘অবশ্যই আমি প্রথমত মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিতে চাই। সে চাপের মধ্যে থেকেও দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। ফলে তার দল বড় স্কোর গড়তে পেরেছে। বিশেষ করে সে প্রতিটি বল অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবেলা করেছে।’ মাহমুদউল্লাহ’র পাশাপাশি নিজ দলের মার্টিন গাপটিলের ধীরস্থির ব্যাটিংয়ের প্রশংসা ঝরেছে কিউই অধিনায়কের কন্ঠে, ‘যদিও এই টুর্নামেন্টে সে (গাপটিল) খুব একটা ভালো করতে পারছিল না। কিন্তু গত কাল অত্যন্ত ধৈর্যের সঙ্গে ব্যাটিং করেছে। তবে সেঞ্চুরির পর ধৈর্য্যচ্যুতির কারণেই আউট হন তিনি। তবে রস টেইলর যখন আউট হয় তখন আমি একটু সন্দিহান ছিলাম। তবে অভিজ্ঞ ড্যানিয়েল ভেট্টরি বাকি কাজটুকু সম্পন্ন করেন তরুণ কোরি অ্যান্ডারসনকে নিয়ে। ’ দল টানা জয়ের মধ্যে থাকলেও স্বাগতিকদের ফিল্ডিংয়ে খানিকটা চিন্তায় ছিলেন ম্যাককালাম। এ বিষয়ে তিনি বলেন, ‘যদিও আমরা জয়ের ধারায় আছি। কিন্তু সামনে আমাদের নকআউট পর্ব শুরু হবে। তাই অবশ্যই এই দিকটাতে উন্নতি আবশ্যক। কারণ এখানে একটি ম্যাচে খারাপ করলে আর ফেরার কোনো সম্ভাবনা থাকবে না।

Comments (0)
Add Comment