ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ঐতিহ্যবাহী আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদ-উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গত কাল সকাল ৯টায় এ মাঠে ঈদের প্রথম ও সকাল পৌনে ১০টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে মাঠে জায়গা সংকুলান না হওয়ায় হাজার হাজার মুসল্লি রাস্তায় ঈদের নামাজ আদায় করেন।
ঈদের জামাতের আগে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুস্তাকিম বিল্লাহ ফারুকী।
এ সময় ময়মনসিংহ র‌্যাব-১৪’র কমান্ডিং অফিসার (সিও) এনামুল আরিফ সুমন, স্থানীয় সরকারের উপ-পরিচালক নুরুল আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। ঈদের প্রধান জামাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন হাজার হাজার মুসল্লি। জামাত শেষে মুসলিম উম্মাহ ও দেশের সুখ-সমৃদ্ধি, শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

Comments (0)
Add Comment