রংপুর প্রতিনিধি: রংপুর সদরের মমিনপুরে গভীর রাতে ছয় হাজার ইউকিলিপ্টাস গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে কোতয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার গভীর রাতে মমিনপুর ইউনিয়নের ‘‘খারুয়াবাধা শ্রমজীবি পুরুষ ও নারী’’ নামক সংগঠনের ৪ একর আট শতাংশ পুকুরের পাড়ে লাগানো ইউকিলিপ্টাস গাছ কে বা কারা কেটে ফেলে। এতে ওই সংগঠনের তিন লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সংগঠনের সভাপতি মো. ফজলার রহমান বলেন, সংগঠনের নামে দলিলকৃত ওই পুকুর ১৯৯০ সাল থেকে সদস্যগণ মাছ চাষ করে আসছে। দুই বছর আগে পুকুর পাড় মেরামত করে সেখানে ছয় হাজার ইউকিলিপ্টাস গাছ ও বিভিন্ন ফলের গাছ রোপন করা হয়। কে বা কারা গত শনিবার রাতে গাছগুলো কেটে ফেলে। আমরা সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি এর সুষ্ঠু বিচার দাবি করছি।