রংপুরে স্কুলছাত্র হত্যায় একজনের ফাঁসির আদেশ

রংপুরে স্কুলছাত্র রতন চন্দ্র রায় হত্যার দায়ে আসামি বন্দে আলীর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবু জাফর কামরুজ্জকামান বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন। রতন উপজেলার কোলকোন্দ ইউনিয়নের কুড়িবিশ্বা মাটিয়াপাড়া বাঁশবাড়ি গ্রামের বলরাম চন্দ্র রায়ের ছেলে। দণ্ডপ্রাপ্ত বন্দে আলী (৫০) একই গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, বন্দে আলী রতনদের বাড়িতে কাজ করতেন। সুযোগ বুঝে বন্দে আলী রতনদের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যান। চুরির ঘটনাটি দেখে ফেলায় বন্দে আলী ও তার লোকজন ২০১৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যার পর রতনকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেন। পরদিন ২৩ ডিসেম্বর পাশের ধানক্ষেত থেকে রতনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ওই দিনই রতনের বাবা বলরাম চন্দ্র বাদি হয়ে গঙ্গাচড়া থানায় বন্দে আলীকে অভিযুক্ত করে হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ বন্দে আলীকে গ্রেফতার করলে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে জবানবন্দী দেন তিনি। প্রায় দেড় বছর মামলাটি আদালতে বিচারাধীন থাকার পর বৃহস্পতিবার এ রায় ঘোষণা করা হয়। এ সময় আদালতে অভিযুক্ত বন্দে আলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment