রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনার হাত থেকে দুটি শিশুকে বাঁচাকে গিয়ে ফাহি খাতুন (৩০) নামের এক নারী নিজেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হরালেন।
মর্মান্তিক এই দুর্ঘনাটি ঘটেছে গত কাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শাহাব্দিপুর এলাকায়।
নিহত ফাহি খাতুন ঐ এলাকার শাহিন আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহাব্দিপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে সড়ক দুর্ঘটনার শিকার ফাহি খাতুন মাছ ক্রয় করছিল। এই সময় গোদাগাড়ী সদর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ইঞ্জিনচালিত একটি নসিমন যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে দ্রুত গতিতে যাচ্ছিল। এ সময় দুটি শিশু মহাসড়ক দিকে রাস্তা পার হচ্ছিলো। ফাহি খাতুন শিশুদুটি রাস্তা পারাপারে বিপদ আসন্ন অনুধাবন করে তাদের প্রাণ বাঁচাতে সে তৎক্ষণাৎ ছুটে যায়। কিন্তু দ্রুতগতি সম্পন্ন নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাহি খাতুনকে ধাক্কা দিলে নসিমনটি বহনকৃত যাত্রীসহ রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় ফাহি খাতুন ঘটনা স্থলেই প্রাণ হারায়। এছাড়াও নসিমনে আরোহী যাত্রীদে মধ্যে ৪-৫ জন মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেলে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় নসিমন চালককে আটক না করলেও নসিমনটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে গেছে, গোদাগাড়ী থানা পুলিশ। রিপোর্ট লিখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।