লালমনিরহাটের হাতীবান্ধায় অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে ছাত্রীর মৃত্যু

হাতীবান্ধা সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সুমি খাতুন (১৫) নামে সদ্য এসএসসি পাস করা এক শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক সংলগ্ন হাতীবান্ধা উপজেলার বড়খাতা কৃষি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। সুমি উপজেলার মিলনবাজার এলাকার আব্দুল হামিদের মেয়ে। সে এ বছর এসএসসি পাস করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সুমি বাড়ির লোকজনের সঙ্গে অটোরিকশায় করে দেওয়ানী এলাকায় যাচ্ছিল। পথে কৃষি ব্যাংকের সামনে সুমির ওড়না অটোরিকশার চাকায় পেঁচিয়ে গেলে তার গলায় ফাঁস লাগে। টের পেয়ে স্বজনরা সুমিকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান বিষয়টি  নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment