লালমনিরহাটের হাতীবান্ধায় নিখোঁজের ৪দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট : নিখোঁজের ৪দিন পর ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র রিপনের(১২) ঝুলন্ত লাশ উদ্ধার করল লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হাতীবান্ধা উপজেলা পরিষদের পরিত্যাক্ত একটি কোয়াটার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। নিহত রিপন হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের আইয়ুব আলীর ছেলে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন সরকার জানান, গত সোমবার সকালে উপজেলা পরিষদ কোয়াটারের পাশে খেলতে এসে নিখোঁজ হয় রিপন। এ ঘটনায় তার বাবা ওই দিন থানায় একটি জিডিও করেন। পুলিশ ও পরিবারের পক্ষে মাইকিংসহ রিপনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করা হলেও কোন খোঁজ মেলে নি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলা পরিষদের পরিত্যাক্ত কোয়াটারে ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে। এ হত্যাকান্ডের সাথে কারা জড়িত এবং কি কারনে তাকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত তার তথ্য উদঘাটন করতে পারে নি পুলিশ।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, ওই একই স্থান থেকে কয়েক মাস আগে অপহারন করে মুক্তিপন দাবি করে না পেয়ে উল্লাস নামে অপর এক স্কুল ছাত্রকে হত্যা করেছিল অপহরনকারীরা।

Comments (0)
Add Comment