নিজস্ব প্রতিনিধি: ভারতের লোকসভায় ঐতিহাসিক বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সরকার, জনগণ ও তাঁর নিজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বাসসকে জানান, আজ সন্ধ্যায় ভারতের লোকসভায় সর্বসম্মতিক্রমে এ বিলটি পাস হওয়ার পর পরই নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বিষয়টি অবহিত করেন এবং অভিনন্দন জানান।
নরেন্দ্র মোদি বলেন, ‘১৯৭৪ সালের ১৮ মে আপনার পিতা বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে এ চুক্তি স্বাক্ষর করেছিলেন। আজ আপনার সরকারের সময় সে মে মাসে বিলটি পাস হলো।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলটি পাস হওয়ায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, বিরোধী দলীয় নেতা সোনিয়া গান্ধী, ভারত সরকার, লোকসভা ও রাজ্যসভার সকল সদস্য, প্রশাসন এবং ভারতের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ভারত বাংলাদেশের দুঃসময় সবসময়ই পাশে ছিলো এবং এখনো আছে। প্রধানমন্ত্রী সকল ছিটমহলবাসীকে অভিনন্দন জানান এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেন।
তিনি আরো বলেন, স্থলসীমান্ত চুক্তি পাস হওয়ার মধ্যদিয়ে উপমহাদেশ তথা বিশ্ববরেণ্য দুই নেতার অঙ্গীকার বাস্তবায়ন হলো। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি আন্তঃআঞ্চলিক সম্পর্ক উন্নয়নে নতুন মাইলফলক রচনা করবে। প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।