লোহাগাড়ায় ঘাতক বাস কেড়ে নিল মাহফুজের প্রাণ

লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় ঘাতক তিশা বাস কেড়ে নিল লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান (২২) এর প্রাণ। এ ঘটনায় গুরুতর আহত হয় আরো ৩ জন। গত ১৬ ফেব্র“য়ারি রাত সাড়ে ৭টায় উপজেলা সদরের আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ গেট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত মাহফুজ লোহাগাড়া উকিল পাড়ার হারেছ ভেণ্ডারের পুত্র। আহতরা হলেন বড়হাতিয়া আমতলী ইয়াছিনের পাড়ার এনামুল হকের পুত্র রবিউল হাসান রুমি (১৮), উকিলের পাড়ার মৃত আহমদ নবীর পুত্র মারুফ (১৭) ও অজ্ঞাতনামা এক রিকশাচালক। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার অভিমুখী তিশা সার্ভিসের চেয়ারকোচ (ঢাকা মেট্টো ব-১৪-৫৯৫১) ও বিপরীতমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী ৩ জনসহ ১ জন রিক্সাচালক গুরুতর আহত হয়। পরে আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল আরোহী ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাহফুজুর রহমান রাত সাড়ে ১০টায় মারা যায় বলে পারিবারিক সূত্রে জানা যায়।
ঘাতক তিশা চেয়ারকোচটি উপজেলার চুনতি পুলিশ ফাঁড়ি হেফাজতে রয়েছে বলে ফাঁড়ির ইনচার্জ এসআই নূরুল ইসলাম নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment