শচিনের চাওয়া ২৫ দলের বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক:
২০১৯ বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা কমিয়ে আনার যে সিদ্ধান্ত নিয়েছে আইসিসি সেটিকে ‘সেকেলে’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন কিংবদন্তি তারকা শচিন টেন্ডুলকার। পাশাপাশি আইসিসির সহযোগী দেশগুলোকে পর্যাপ্ত ম্যাচ খেলতে না দেয়াটাও ‘অযৌক্তিক’ এবং অস্বচ্ছ’ বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার সিডনিতে এক নৈশভোজে চলতি বিশ্বকাপের শুভেচ্ছা দূত বলেন, ক্রিকেটের সম্প্রসারণের লক্ষ্যে আগামী আসর থেকে ২৫টি দল নিয়ে আইসিসির বিশ্বকাপ আয়োজন করা উচিত। তিনি আরো জানান, আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর উচিত সহযোগী সদস্য দেশগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে নিয়মিত ক্রিকেট খেলা, যাতে করে তারা উত্তরোত্তর উন্নতি লাভ করতে পারে। এক সংবাদ সম্মেলনে শচিন বলেন, ‘শোনা যাচ্ছে, পরবর্তী বিশ্বকাপ নাকি ১০ দলকে নিয়ে আয়োজন করা হবে, যেটি খুবই হতাশাজনক। একজন ক্রিকেটার হিসেবে আমি চাই যতটা সম্ভব ক্রিকেটকে বিশ্বায়িত করা হোক। আমার মতে, ১০ দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্তটা ‘সেকেলে’। আমাদের উচিত দূর্বল দলগুলোকে সামনে উঠে আসার জন্য সহযোগিতা করা।’ ছোট দলগুলোর পাশে দাঁড়িয়ে শচিন বলেন, ‘প্রতিটি বিশ্বকাপেই কম শক্তির দলগুলো অংশ নিচ্ছে এবং তারা বড় দলগুলোকে ‘বিস্ময়’ উপহার দিচ্ছে। তাদেরকে নিজেদের সামর্থ প্রমাণের প্লাটফর্ম দেয়া হলে তারা এর চেয়ে বেশি কিছু করে দেখাতে সক্ষম হবে।’ শচিন আরো বলেন, ‘অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের ‘এ দল’ কেন আইসিসির সহযোগী দেশগুলোর মাটিতে গিয়ে নিয়মিত খেলছে না? দেখুন, শুধু ১৪ দল নয়, আমাদের তো উচিত কি করে ২৫ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ নেয়া।’

Comments (0)
Add Comment