শপথ নিলেন নতুন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন পাঁচজন। পূর্ণমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল, ইয়াফেস ওসমান ও নুরুল ইসলাম বিএসসি শপথ নিয়েছেন। আসাদুজ্জামান খান বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং ইয়াফেস ওসমান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এ্যাডভোকেট তারানা হালিম ও নুরুজ্জামান আহম্মেদ।
বঙ্গভবনে এ্যাডভোকেট আবদুল হামিদ সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টায় মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ান। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মোশাররাফ হোসেন ভুইঞা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে আদেশ জারি করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানান।

তবে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার মন্ত্রণালয়ের মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নুরুল ইসলাম বিএসসি। সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিমকে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী করা হচ্ছে। এ ছাড়া লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নূরুজ্জামান আহমেদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Comments (0)
Add Comment