ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে মাদকের আখড়ায় হানা দিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। পরে তা এলাকাবাসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে পোড়ানো হয়।
জানা গেছে, বুধবার ভোর রাতে চেয়ারম্যান নিজে কয়েকজনকে সঙ্গে নিয়ে ফাজিলপুর, হিতামপুরসহ কয়েকটি মাদক আখড়াতে হানা দেন। এ সময় হিতামপুর গ্রামের সাহেব আলীর বাড়ি থেকে প্রায় ২কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার সকালে মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলী প্রিন্স, পৌর ওয়ার্ড কমিশনার মুসার উপস্থিতিতে তা পুড়িয়ে ফেলা হয়।
মাদকের বিরুদ্ধে অভিযানে নামা ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু জানান, ভয়াবহ আকার ধারণ করেছে মাদক সেবন ও ব্যবসা। উঠতি বয়সী তরুণদের হাতে পৌঁছে যাচ্ছে মাদক সামগ্রী। তাই এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযানে নেমেছেন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিঞা জানান, দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামা হবে।