সংবাদ মাধ্যমে পরিণত হচ্ছে টুইটার !

প্রযুক্তি ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার সংবাদমাধ্যমে পরিণত হতে যাচ্ছে। সম্প্রতি টুইটারের সহপ্রতিষ্ঠাতা ও বোর্ড সদস্য ইভান উইলিয়ামস এ কথা বলেন। খবর দি ইকোনমিক টাইমস।

তিনি বলেন, কয়েক বছর ধরেই খবর প্রচারে গুরুত্ব দিয়ে আসছে টুইটার। আগ্রহীদের কাছে তার আগ্রহের বিষয়ে খবর পৌঁছানোর ব্যাপারে আরো বেশি মনোযোগী হবে টুইটার। আপনি যে খবর খুঁজছেন তা টুইটারেই পাবেন।

শীর্ষ মাইক্রো ব্লগিং সাইটটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ইভান জানান, খবর প্রচারে টুইটার অন্য প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করছে। খবর জানানোর জন্য প্লাটফর্ম ও প্রয়োজনীয় তথ্য রয়েছে। তবে এগুলোকে আরো গুছিয়ে উপস্থাপন করা জরুরি।

কয়েক দিন আগে ডিক কস্টোলো সরে দাঁড়ানোর পর টুইটারের সিইও হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি। এ পদে নতুন কাউকে নিয়োগ দেয়ার বিষয়ে ইভান উইলিয়ামস বলেন, ‘আমরা একজন ব্যতিক্রমী নেতা খুঁজছি। তিনি সঠিক লক্ষ্য নির্ধারণ করবেন। সে পথেই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবেন।’

Comments (0)
Add Comment