সঠিক তথ্য দিয়ে সহযোগিতা কামনা সিইসি’র

নরসিংদী প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ বলেছেন, সঠিক তথ্য দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করলে একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করা সম্ভব। আমরা ভোটার সংগ্রহকারীদের বাড়ি বাড়ি পাঠাই এবং সঠিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করি। এ বছর যারা মারা গেছেন ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। আমাদের দেশে এমনও অনেক নারী আছে যারা ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করতে ইচ্ছুক নয়। আমরা তাদেরকে উদ্বুদ্ধ করে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করবো।

শনিবার নরসিংদী থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে নরসিংদী শিল্পকলা একাডেমী মিলনায়তনে নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে.কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, মো. আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জবেদ আলী ও মো. শাহ নেওয়াজ।

অনুষ্ঠান শেষে প্রধান নির্বাচন কমিশনার নিকটস্থ বিলাসদী মহল্লায় একটি বাড়িতে গিয়ে আহনাফ বিন আফতার, মেহেদী মোবারক ও তনয়া নামে তিন ব্যক্তির ভোটের তথ্য সংগ্রহ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Comments (0)
Add Comment