আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের তালিকায় থাকায় একাদশ ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি সাঈদ আজমলের। বোলিং পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন পাকিস্তানের এ তারকা অফস্পিনার। তাইতো সাঈদ আজমলকে নিয়ে সতর্ক বাংলাদেশ শিবিরও। আজ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। আজ প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। প্রতিপক্ষের তারকা স্পিনার সাঈদ আজমলকে নিয়ে বেশ সতর্ক মন্তব্য করলেন সাকিব।
নিষেধাজ্ঞা কাটিয়ে সাঈদ আজমল অনেকদিন পর আবার ফিরছে। এ বিষয়ে সাকিব বলেন, ‘আসলে ও (আজমল) অনেক দিন পরে আসছে। আমাদের আসলে তার সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই। কারণ যে সাঈদ আজমলকে আমরা আগে দেখেছি সে আজমল এবার একই রকম আছেন কি না ঠিক বলা যাচ্ছে না। এরকম একটা ঘটনার পর হয় কি, আর আগের ইফেকটিভনেসটা থাকে না। তবে আবার এর থেকে আরো ভালো ফর্মেও সে ফিরে আসতে পারে। আবার খারাপও করতে পারে। আসলে আজ ম্যাচের পর বোঝা যাবে সে কি অবস্থায় আছে। ও (আজমল) যখন ম্যাচ খেলবে তখন বোঝা যাবে।’
আগের দিন বিসিবি একাদশের বিপক্ষে ৮ ওভার বল করে ৪৫ রান দিয়ে ১টি উইকেট পেয়েছিলেন সাঈদ আজমল। তাই ওয়ানডে সিরিজে এ অফস্পিনারের দিকে থাকিয়ে থাকবে সফরকারীরা।
কলকাতা নাইড রাইডার্সে খেলা সুনীল নারাইনের উদাহরণ টেনে সাকিব বলেন, ‘দেখেন সুনিল নারাইনও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের পর প্রথম ম্যাচ খেলল। আমি আগেও বললাম, এত গ্যাপের পর যখন একটা বোলার আসে ম্যাচ খেলতে, তখন স্বাভাবিকভাবেই একটু ভিন্ন লাগে। এ ধরনের যারা আছে, কিংবা ইনজুরিতে পড়ছে, এরকম পরিস্থিতে পড়ছে তারাই বুঝতে পারবে, যে সাত-আট মাস পর ম্যাচ খেলতে নামলে কেমন লাগে। তাই বলা যায় না কে কিভাবে কামব্যাক করবে। তবে আমরা অবশ্যই চাইবো আজমল যেন আÍবিশ্বাসী না থাকে।’