ঢাকার গুলশানে জিম্মি উদ্ধার অভিযানে হামলাকারীদের ৬ জন নিহত হয়েছে এবং একজন ধরা পড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন উদ্বোধনের পর দেয়া এক ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী।
“যারা জিম্মি ছিল, আমরা ১৩ জনকে বাঁচাতে পেরেছি। বাকি কয়েকজনকে হয়তো বাঁচাতে পারিনি”। বলেন শেখ হাসিনা।
আহত কয়েকজন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।
“এই ধরণের ঘটনা বাংলাদেশে প্রথম। এর আগে তারা টুকটাক একটা-দুটো করে মানুষ হত্যা করে যাচ্ছিল। কিন্তু এইধরণের ঘটনা তারা ঘটিয়েছে, এটা অত্যন্ত ঘৃণিত কাজ করেছে”।
“যখন এশার আযান হয়েছে, সে যাবে নামাজ পড়তে। আযান উপেক্ষা করে সে গেল মানুষ খুন করতে। সে কেমন মুসলমান!” হামলাকারী জঙ্গিদের দিকে ইঙ্গিত করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একটি সফল অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনীর কমান্ডো দল এবং অভিযানে অংশগ্রহনকারী বাহিনীগুলোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
জিম্মি সংকট শুরু হবার পর ঘটনাস্থল থেকে অভিযানের খবরাখবর সরাসরি সম্প্রচার করা নিয়ে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোরও তিনি কড়া সমালোচনা করেন।