আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-
ফরিদপুরের সালথায় রবিবার রাতে ৪ স্থানে দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ চুরির ঘটনাগুলো ঘটে।
জানা যায়, রবিবার রাতে ফুলবাড়িয়া গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক কালিপদ করের বাড়ি থেকে ঘরের পিছনে দরজার খিল ভেঙ্গে চোরেরা সাড়ে ৩ ভরি স্বর্নের অলংকার ও নগদ ৯২ হাজার টাকা নিয়ে গেছে। একই রাতে গ্রামের মজিবর শেখের বাড়িতে শিদ কেটে ঘরের মালামাল, ঈদগাহ মোড়ে শাহজাহান মোল্যার মুদি দোকানের টিনের বেড়া কেটে দোকানের মালামাল ও রহমান বিশ্বাসের বাড়ি থেকে অটোভ্যান চুরি হওয়ার খবর পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম চুরির ঘটনা নিশ্চিত করে বলেন, একই রাতে ফুলবাড়িয়া গ্রামের ৪ স্থানে চুরির ঘটনায় এলাকার লোকজনকে ভাবিয়ে তুলেছে। পরিশ্রান্ত লোকেরা চোরের আতংকে রয়েছে। এব্যাপারে পুলিশকে অবহিত করেছে গ্রামবাসী।
সালথা থানা অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ডী.এম বেলায়েত হোসেন বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।