সালথায় সংঘর্ষে আহত একজনের মৃত্যু: বাড়িঘর ভাংচুর ও লুটপাট

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরটিয়া পুরাগুদি গ্রামে দু’ দলের সংঘর্ষে আহত হারুন মীর (৭২) শনিবার গভীর রাতে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি ওই গ্রামের মৃত সৈয়াদ আলী মীরের ছেলে। এদিকে হারুন মীরের মৃত্যুর সংবাদ পেয়ে তার লোকজন প্রতিপক্ষের ১৫টি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত ২৫ মার্চ শুক্রবার সকাল ১০ টায় পুর্ব শক্রতার জের ধরে সালথা উপজেলার মুরটিয়া পুরাগুদি গ্রামে আফছার মীরের সমর্থকদের সাথে প্রতিপক্ষ হারুন মীরের সমর্থকদের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে হারুন মীর ও তার তিন ছেলে হাবিব মীর (৪৫), রফিক মীর (৩৫), রাজিব মীর (৩২) সহ ১০ জন আহত হয়। মারাত্মক আহত অবস্থায় তাদেরকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা হারুন মীরকে হাসপাতাল থেকে নাম কেটে দেন। এরপর পূর্ণরায় নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভতি করা হলে শনিবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় হারুন মীর মারা যায়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নিহত হারুন মীরের লোকজন প্রতিপক্ষ আফছার মীরের লোকজনের ১৫ টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে। ভাংচুর ও লুটপাটের সংবাদ পেয়ে সালথা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান জুয়েল বলেন, রাত দুই টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হারুন মীর (৭২) মারা গেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডী.এম বেলায়েত হোসেন বলেন, গতকাল রোববার সকাল ১০ টায় নিহতের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরন করা হয়েছে।

Comments (0)
Add Comment