সিঙ্গাপুর ফেরত পাঁচ জঙ্গি ৭ দিনের রিমান্ডে

সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটক সিঙ্গাপুর ফেরত পাঁচ জঙ্গির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বুধবার মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মনসুর আলী আরিফ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখের আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে আটক ১৩ জনের মধ্যে পাঁচ জনকে দেশে ফেরত পাঠিয়েছিল সিঙ্গাপুর। তাদের গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করে ডিবি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মিজানুর রহমান ওরফে গালিব হাসান (৩৮), মো. রাহা মিয়া পাইলট (২৯), মো. আলমগীর হোসেন (৩১), মো. তানজিমুল ইসলাম (২৪) ও মো. মাসুদ রানা ওরফে সন্টু খান (৩১)।

গতকালের সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা সিঙ্গাপুরে জঙ্গি কার্যক্রমের দাওয়াত দিচ্ছিল। তারা ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত দক্ষ-অদক্ষ শ্রমিক হিসেবে সিঙ্গাপুরে যান।

Comments (0)
Add Comment