মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে তাড়াশ থানা-পুলিশ লাশগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন আলতাফ হোসেন (৩৫) এবং তার দুই শিশুসন্তান নাফিউল ইসলাম (৮) ও তানিয়া খাতুন (৭)। আলতাফ হোসেন তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদৌ-সৈয়দপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে আলতাফ হোসেন তার দুই শিশুসন্তান নাফিউল ও তানিয়াকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী পাটগাড়ী গ্রামের চলনবিলে মাছ ধরতে যান। কিন্তু বিকেল পর্যন্ত তারা আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি। মঙ্গলবার সকালে স্থানীয়রা মরদেহগুলো বিলে ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিলের মধ্য থেকে তিনটি লাশ উদ্ধার করে। তবে লাশগুলো এখনো পরিবারের কাছে হস্তান্তর হয়নি।
স্থানীয়দের ধারণা, মাছ ধরতে গেলে প্রচণ্ড স্রোতে নৌকা ডুবে এ মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আলতাফ হোসেন স্থানীয় করিমগাড়ী কওমি মাদ্রাসার মৌলভী শিক্ষক ছিলেন বলে জানা গেছে।