সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

খেলা ডেস্ক: বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরুর আগ থেকে দুই দলই বারবার এটিকে বলে আসছিল পরীক্ষা-নিরীক্ষা ও প্রস্তুতির সিরিজ। তবে শুক্রবারের এই ম্যাচের আগে সব কিছু ছাপিয়ে সামনে উঠে আসছে ফলাফলের বাস্তবতাই।

বাংলাদেশ ম্যাচ জিতলে সিরিজ জয় হবে টাইগারদের। জিম্বাবুয়ে জিতলে সিরিজ ড্র। এদিকে, বাংলাদেশ টিমকে গত ম্যচে হারের জন্য যত না সমালোচনা শুনতে হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে দল নিয়ে অতিরিক্ত কাঁটাছেঁড়া করতে গিয়ে।

ওই ম্যাচে অভিষেক হয় চার তরুণের, দলেও আনা হয় আরো এক পরিবর্তন। শুক্রবার সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচ। সিরিজ জিততে জয়ের বিকল্প নেই মাশরাফিদের। আর তৃতীয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়ে দারুণ স্বস্তিতে জিম্বাবুয়ে। শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে চাচ্ছে তারাও।

শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষার পথ থেকে কিছুটা সরে আসতে পারে বাংলাদেশ। দলে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষায় আগের দিন ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হোসেন পাপনও। একাদশে ঢুকতে পারেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। তামিম খেললে একাদশ থেকে বাদ পরতে পারেন মোসাদ্দেক হোসেন।

বাংলাদেশ দলে স্পেশালিষ্ট স্পিনার দলে অন্তর্ভুক্ত হতে পারে। সেক্ষেত্রে মুক্তার আলীর পরিবর্তে আরাফাত সানিকে দেখা যেতে পারে মূল একাদশে। আগের দিন দলকে হতাশ করেন মো. শহিদ ও আবু হায়দার রনি দুজনই। তাই শেষ ম্যাচে এদের একজনকে বাদ দিয়ে তাসকিন আহমেদকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে।

এদিকে বৃহস্পতিবার কোনো আনুষ্ঠানিক অনুশীলন ছিল না। খুলনার আবু নাসের স্টেডিয়ামে দেখা যায়নি বাংলাদেশের কোনো খেলোয়াড়কে। সারাদিন সব খেলোয়াড়রা টিম হোটেলেই কাটিয়েছে। তবে ঐচ্ছিক অনুশীলন জিম্বাবুয়ে দলের আগের দিনের ম্যাচসেরা ম্যালকম ওয়ালার অনেকটা সময় ব্যাটিং অনুশীলন করেছেন। তার সঙ্গে নেটে ঘাম ঝরিয়েছেন পিটার মুর।

নানা সমালোচনা সত্ত্বেও বাংলাদেশের এই তরুণ দলের উপরই আস্থা রয়েছে অধিনায়ক, কোচ এবং ম্যানেজমেন্টের। বাংলাদেশ দলের জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় প্রকাশ করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঠে সব সময় জয়ের জন্যেই খেলি। আমরা গত ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। জিম্বাবুয়ে আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। টি-টোয়েন্টিতে সবাই শক্তিশালী।’

বাংলাদেশ একাদশ(সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, কাজী নুরুল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি।

Comments (0)
Add Comment