১৮১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে ১৮১ রানের জয়ের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে। হ্যামিল্টন মাসাকাদজার অপরাজিত ৯৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ১৮০/৪।

শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চতুর্থ ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। মাশরাফি বিন মুর্তজার পঞ্চম বলে কাট করতে গিয়ে এক্সট্রা কাভারে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দেন ভুসি সিবান্দা। এরপর মতুম্বামিকে সঙ্গে করে ৮০ রানের এক বড় জুটি গড়েন মাসাকাদজা। দলীয় ৮৪ রানের মাথায় মতুম্বামিকে ফেরান আবু হায়দার। এবার মাসাকাদজাকে সঙ্গ দেন ম্যালকম ওয়ালার। এই দুজনের মিলে গড়েন ৬১ রানের আরো একটি জুটি। এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ইয়র্কারে ম্যালকম ওয়ালারকে বোল্ড আউট করেন তিনি। তবে ততক্ষণে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায় সফরকারীরা।

আগের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন ছিল পাঁচটি। শেষ ম্যাচের একাদশেও পরিবর্তন এসেছে তিনটি। সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ বিশ্রাম থেকে ফিরিয়েছে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল ও বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে।

Comments (0)
Add Comment