৭ মার্চের জনসভাকে সর্ববৃহৎ জনসভা করার আহব্বান মায়ার

নিজস্ব প্রতিনিধি:  ৭ মার্চ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে সর্বকালের সর্ববৃহৎ জনসভা করতে আহব্বান জানিয়েছেন    ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, ৭ মার্চের জনসভায় সর্বকালের রেকর্ড ভাঙতে চাই। এটা হবে সর্বকালের সর্ববৃহৎ জনসভা। ৭ মার্চ না হলে আজকে আমরা এই জায়গায় থাকতে পারতাম না। আমি বিশ্বাস করি নগর নেতারা থানা ও ওয়ার্ডে কর্মসূচি সফল করার জন্য কাজ করছেন।

তিনি বলেন, আপনারা ব্যানার, ফেস্টুন নিয়ে সেজেগুজে আসবেন। কিন্তু মাঠে গিয়ে ব্যানার ফেস্টুন গুটিয়ে ফেলবেন। যেন মাঠে মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা না যায়। হাতি আনবেন। ঘোড়া আনবেন। কিন্তু বাঘ আনবেন না। আপনারা দেখিয়ে দেবেন মহানগর আওয়ামী লীগ পারে। মহানগর পারবে।

ডিসিসি নির্বাচনে যারা কমিশনার প্রার্থী হবেন তাদের উদ্দেশ্য করে মহানগরের এই নেতা বলেন, কমিশনার হবেন। আর মিছিল নিয়ে আসবেন না, তা হবে না। আপনারা নেত্রীকে দেখিয়ে দেবেন। মহানগর ছাড়া আর কোনো নেতারা নেই।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহানগর সহ-সভাপতি মুকুল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম, আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

Comments (0)
Add Comment