লক্ষীপুরে ১৯ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুরে ১৯ হাজার পিস ইয়াবাসহ মফিজ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে অভিযান চালিয়ে সদর উপজেলার মজু চৌধুরীর হাট ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মফিজ ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
থানা পুলিশ জানায়, চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ভোলাগামী তোহা পরিবহনে করে ভোলা-লক্ষীপুর নৌ-রুটে বিপুল পরিমান ইয়াবা নেয়া হচ্ছে-এমন সংবাদে ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। পরে ওই বাসটিতে তল্লাশি চালিয়ে মফিজ নামের এক যাত্রীর কাছে একটি ব্যাগ পাওয়া যায়। সেখানে কম্বল মুড়ানো অবস্থায় ১৯ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।
লক্ষীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, ইয়াবাসহ আটক মফিজ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক-দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মাদক ব্যবসায়ীদেও বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Comments (0)
Add Comment