সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে টুইটারের বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক: আইএস জঙ্গিদের মদত দেওয়ার অভিযোগে এ বার টুইটারের বিরুদ্ধে মামলা হল। করলেন আমেরিকার এক মহিলা। ফ্লোরিডা অধিবাসী তামারা ফিল্ডসের স্বামী গত ৯ নভেম্বর জর্ডনের পুলিশ প্রশিক্ষণ শিবিরে আইএস হামলায় মারা যান। টুইটারের বিরুদ্ধে অভিযোগে তামারা বলেছেন, সংগঠন বাড়াতে এবং বিভিন্ন দেশ থেকে নতুন জঙ্গি আমদানী করতে জেনে বুঝেই আইএসকে সাহায্য করেছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থা।
অকল্যান্ডের ফেডারেল আদালতে করা অভিযোগে তামারা জানিয়েছেন, শেষ কয়েক বছরে আইসিসের এই ব্যাপক উত্থানের পিছনে টুইটারের বড় ভূমিকা রয়েছে। জঙ্গিদের সাহায্য করার জন্য টুইটারকে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধীর তকমা দেওয়ার জন্য আবেদন করেছেন তামারা।
টুইটারের তরফে অবশ্য এই অভিযোগ খারিজ করা হয়েছে। সংস্থার তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, টুইটার কোনওদিনই সন্ত্রাসের প্রচার করেনি। টুইটারে কোনও উস্কানিমূলক বক্তব্যকে প্রশ্রয় দেওয়া হয় না।
তবে কর্তৃপক্ষ যাই বলুন, ফেসবুক এবং টুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কাছে এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Comments (0)
Add Comment