সন্তানকে বাঁচাতে জীবন দিলেন মা

লালপুর (নাটোর) প্রতিনিধি: লালপুর উপজেলার সালামপুর ধরবিলা এলাকায় সোমবার আড়াই বছরের ছেলেকে বাঁচাতে গিয়ে মা রাশেদা বেগম সিমেন্টবোঝাই পাওয়ার ট্রলির নিচে চাপা পড়ে মারা যান। এ সময় শাওন নামে ওই শিশুটিও আহত হয়। নিহত রাশেদা বেগম দিনমজুর বকুল মিয়ার স্ত্রী।

জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে সড়কের ধারে গোবরের জ্বালানি রোদে শুকানোর সময় রাশেদা বেগমের কোলের আড়াই বছরের শিশুসন্তান সড়কের ওপর চলে যায়। এ সময় সিমেন্টবোঝাই পাওয়ার ট্রলির নিচে চাপা পড়তে দেখে রাশেদা ছুটে গিয়ে শিশু শাওনকে বাঁচাতে সক্ষম হলেও নিজে পাওয়ার ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। শিশু শাওন আহত হয়। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবদুলপুর পুলিশ ফাঁড়িতে দেন-দরবারের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার দুর্ঘটনায় রাদেশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।

Comments (0)
Add Comment