স্থগিত ৭ পৌরসভার ৪টিতে আ.লীগ, ৩টিতে বিএনপি প্রার্থীর জয়

স্থগিত হওয়া ৭টি পৌরসভায় মঙ্গলবার ভোট গ্রহণ হয়েছে। এরমধ্যে ৪টিতে আওয়ামী লীগ ও ৩টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন। এগুলো হলো নরসিংদীর মাধবদী, ঠাকুরগাঁও সদর, নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের উলিপুর, বরগুনার বেতাগী, মাদারীপুরের কালকিনি ও নোয়াখালীর চৌমুহনী পৌরসভা।

বরগুনার বেতাগীতে আওয়ামী লীগের এবিএম গোলাম কবির ২ হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হুমায়ূন কবির মল্লিক পেয়েছেন এক হাজার ৬৩৫ ভোট।

নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী আক্তার হোসেন ফয়সল ২০টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রে ১৪ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপির জহির উদ্দিন হারুন পেয়েছেন ১০ হাজার ৮০৭ ভোট। স্থগিত একটি কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৫৬১ ভোট।

মাদারীপুরের কালকিনি পৌরসভায় ৭ হাজার ১২৮ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মশিউর রহমান পেয়েছেন ৬ হাজার ৮৮ ভোট।

নরসিংদীর মাধবদী পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মো. মোশাররফ হোসেন প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১২ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মো. ইলিয়াছ পেয়েছেন ৮ হাজার ৩২৯ ভোট। এ জয়ের মধ্যে দিয়ে ২১ বছর পর এ পৌরসভায় আওয়ামী লীগের কোনো প্রার্থী মেয়র হলেন।

অন্যদিকে ঠাকুরগাঁও পৌরসভায় বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৯ হাজার ১৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তহমিনা আখতার মোল্লা পেয়েছেন ১২ হাজার ৭৪৪ ভোট।

নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় বিএনপির প্রার্থী মো. আমজাদ হোসেন সরকার ২৯ হাজার ৯১২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সাখাওয়াৎ হোসেন পেয়েছেন ২২ হাজার ৬৫ ভোট।

কুড়িগ্রামের উলিপুরে বিএনপির তারিক আবুল আলা চৌধুরী ৮ হাজার ৯৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাজাদুর রহমান তালুকদার পেয়েছেন ৫ হাজার ৮৫৩ ভোট। বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ সরকার ৫ হাজার ৪৪৬ ভোট পেয়েছেন।

Comments (0)
Add Comment