আর এ গণির জানাজা ও দাফন সম্পন্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণির দাফন সম্পন্ন হয়েছে। তিন দফা জানাজা শেষে শুক্রবার বিকালে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। শুক্রবার বাদ জুমা ধানমণ্ডির সাত মসজিদ রোডের ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। বেলা আড়াইটার দিকে সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান।

ধানমণ্ডিতে অনুষ্ঠিত জানাজায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরীফ, আর এ গণির ছেলে নূর এ গণি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. হারুন আর রশিদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

দ্বিতীয় জানাজায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, খন্দকার মোশারফ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে তিনটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় দফা জানাজা শেষে তাকে বনানী কবস্থানে শেষ ইচ্ছানুযায়ী স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়। দাফনের পর নিহতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ জিয়াউর রহমানের সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ড. আর এ গণি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।তিনি দীর্ঘদিন ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

Comments (0)
Add Comment