এসি রবিউল ও ওসি সালাহউদ্দিনের জানাজা বিকেলে
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের হামলায় নিহত গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিনের প্রথম জানাজা আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ মসজিদে অনুষ্ঠিত হবে। গণমাধ্যমে পাঠানো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রাজধানীর গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার সময় শুক্রবার রাতে এসি রবিউল ও ওসি সালাউদ্দিন নিহত হন। এছাড়া পুলিশের প্রায় অর্ধশত সদস্য আহত হন। আহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান, এডিসি আহাদুল ইসলাম, পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮), পুলিশ কনস্টেবল আলমগীর (২৬) ও মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০)।
শনিবার সকালে কমান্ডো অভিযানে রেস্টুরেন্টের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই জঙ্গিরা ধারালো অস্ত্র দিয়ে ২০ জনকে হত্যা করে বলে সেনা কর্মকর্তারা জানিয়েছেন।