ক্যারিয়ারের জন্য বিয়ে থেকে দূরে সোনম
বিনোদন ডেস্ক:
ক্যারিয়ার নিয়ে মগ্ন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ক্যারিয়ারের কথা চিন্তা করে তিনি সংসারী হওয়ার সিদ্ধান্ত থেকে দূরে সরে এসেছেন। আপাতত সোনম একাকী থাকতেই বেশি স্বাচ্ছন্দবোধ করছেন। আগামী দু-তিন বছরে তার বিয়ে করার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন সোনম। এই সময়ে তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। তাই ২৯ বছর বয়সী এই অভিনেত্রীর সব স্বপ্ন এখন চলচ্চিত্রকে ঘিরেই আবর্তিত হচ্ছে। এদিকে, জোর গুঞ্জন উঠেছে, মডেল সাহির বেরির সঙ্গে প্রেম করছেন সোনম। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রেমের খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সোনম। শুধু তাই নয়, তিনি কখনো প্রেমের সম্পর্কে জড়াবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে সোনম বলেন, ‘আমি এখন অভিনয় নিয়ে থাকতে চাই। আমি মনে করি, মেয়েদের বিয়ের পর পেশাগত জীবন বাধাগ্রস্ত হয়। তাই প্রেম ও বিয়ে করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি।’ জানা গেছে, সোনমের বিয়ের প্রতি অনীহাকে প্রথম দিকে তার বাবা ‘মিস্টার ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা অনিল কাপুর ভালো চোখে না নিলেও এখন তিনি তা মেনে নিয়েছেন। বর্তমানে সোনমের হাতে দুটি ছবি রয়েছে। তা ছাড়া এখন তিনি অভিষেক ডোগরার ‘ডোলি কি ডোলি’ ছবির প্রচার চালাচ্ছেন। ছবিটি ২৩ জানুয়ারি মুক্তি পাবে। এ ছাড়া সম্প্রতি ‘প্রেম রতন ধন পাও’ নামের নতুন আরেকটি ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি।