Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী: শোকসভায় মঈন খান

নগর প্রতিনিধি, ঢাকা:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন একজন প্রকৃত রাষ্ট্রনায়ক। তার চিন্তা, কাজ, দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাকে এ উচ্চতায় পৌঁছে দিয়েছে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আইনজীবী অ্যাসোসিয়েশন ও বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী থাকাকালীন বেগম খালেদা জিয়ার উদারতা ও সহনশীলতার একটি ঘটনার উল্লেখ করে ড. মঈন খান বলেন, একজন সিনিয়র সচিবকে মন্ত্রণালয়ে দেওয়ার আগে তিনি মন্ত্রীর মতামত জানতে চেয়েছিলেন, যা তার নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার বিরুদ্ধে প্রায় ৪৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। একবার আমি তাকে বলেছিলাম, আপনি কেন এসব মামলায় কোর্টে যান? তিনি বলেছিলেন- ওরা অন্যায় করতে পারে, কিন্তু আমি আইনের বাইরে যেতে পারি না। এই কথার মধ্যেই প্রকাশ পায় আইনের প্রতি তার শ্রদ্ধা, নৈতিক দৃঢ়তা এবং রাষ্ট্রনায়কসুলভ মানসিকতা। এই কারণেই আমি দৃঢ়ভাবে বলি- বেগম খালেদা জিয়া ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক।

সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম।

আইনজীবী এসোসিয়েশন, বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ-এর সভাপতি এ্যাড. সৈয়দ মাহবুব হোসেনের সভাপতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলম এবং সাবেক ভিপি ও বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সাবেক সংসদ সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব গাজী মোশাররফ হোসেন এবং মিডিয়া সেল প্রধান এস.এম সামসুল হুদা।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আইনজীবী এসোসিয়েশনের মহাসচিব এ্যাড. খায়রুল আহসান মিন্টু। সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় তাঁর আপসহীন সংগ্রামের আদর্শকে ধারণ করার আহ্বান জানান। শোকসভায় বিভিন্ন স্তরের আইনজীবী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.