গুলশানে পেশাজীবীদের মানব বন্ধন, ‘অগ্নিদগ্ধ হয়ে নিহতদের’ তালিকা প্রদান
স্টাফ রিপোর্টার:
চলমান হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় আগুনে পুড়ে নিহতদের তালিকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কর্যালয়ের প্রধান ফটকের বিপরীতে একটি গাছের সঙ্গে টাঙিয়ে দিয়েছেন শিল্পী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণী-পেশার মানুষ।
গত কাল দুপুরে রাজধানীর গুলশানে কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে মানববন্ধন শেষে আগুনে পুড়ে নিহত ৫৪ জনের একটি তালিকা টাঙিয়ে দেন তারা।
‘মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধন শেষে চার সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার কার্যালয়ের দিকে যাত্রা করে। পুলিশ তাদেরকে আটকে দিলে কর্যালয়ের প্রধান ফটকের বিপরীতে একটি গাছের সঙ্গে আগুনে পুড়ে নিহতদের তালিকা টাঙিয়ে দিয়ে সেখানে ফুলের শ্রদ্ধা জানান তারা। এ সময় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের এক কর্মকর্তার সঙ্গে ওই প্রতিনিধি দলের সদস্য নাট্য ব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের কথা হয়। পরে পীযূষ বন্দ্যোপাধ্যায় ওই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদিকদের বলেন, “চলমান সহিংসতায় আমরা নাকি ২০ দলের নেতাকর্মী আহত-নিহত এবং পঙ্গু হাসপাতালে ভর্তিদের বিষয়ে কোনো সহানুভূতি জানাইনি।” তার এ অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন পীযূষ বন্দ্যোপাধ্যায়।