চুক্তি অনুযায়ী কাজ শুরুর তাগিদ দিলেন মোদী
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ সফরে সম্পন্ন করা চুক্তিগুলো বাস্তবায়নের তাগিদ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত রবিবার রাতে ঢাকা সফর শেষে দিল্লি ফেরার পথে বিশেষ বিমানেই বাংলাদেশ প্রসঙ্গে জরুরি বৈঠকে এ তাগিদ দেন মোদী।
এদিকে সন্ত্রাস দমনে হাসিনার ভূমিকা নিয়ে মোদীর মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বাংলাদেশ সফরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মোদী বলেছিলেন, আমি খুশি যে শেখ হাসিনা এক জন নারী হয়েও সন্ত্রাস দমনের প্রশ্নে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন। মোদীর ওই মন্তব্যকে কেন্দ্র করে কংগ্রেসই শুধু নয়, সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী এ কথা বলে মহিলাদের খাটো করেছেন। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হওয়ায় মুখ খুলেছে ভারতের প্রধানমন্ত্রীর সচিবালয়। তারা জানিয়েছে, আসলে মহিলাদের হয়েই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী। একজন নারী কত ধরনের প্রতিবন্ধকতাকে জয় করে জীবন যুদ্ধে এগিয়ে যান তা বোঝাতেই ওই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।