দিনাজপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
দিনাজপুর : দিনাজপুর শহরের নিমতলা চকবাজার সোনাহার পট্টিতে জড়োয়া ঘর নামের একটি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতি শেষে ডাকাত দলটি ১৫টি ককটেল বিস্ফোরণ করায় আশপাশে থাকা ৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০টি ককটেল উদ্ধার করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আহতরা হলেন- জড়োয়া ঘরের স্বর্ণ কারিগর জয় (২৫), পাশের মুদি দোকানদার মোঃ গোলাপ হোসেনসহ (৪৫) আরো তিনজন। তাদের দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ইফতারের পরে রাত ৮টার দিকে রাতে একদল ডাকাত তিনটি মাইক্রোবাস নিয়ে ওই দোকানে হামলা চালায়। তারা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দোকানের সকল স্বর্ণ লুটে নেয়। স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।