দিনাজপুরের ফুলবাড়ীতে প্রশাসনের গুরুত্বপূর্ণ ২টি পদ শূন্য
আসাদ, পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ২টি পদেই শূন্য। ফলে উপজেলা প্রশাসনের সব কাজকর্ম, ভূমি কার্যালয় প্রত্যাহিক ব্যস্ততা এবং ভ্রাম্যমান আদালত সহ উপজেলা সার্বিক প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মোঃ সাইফুল ইসলাম বলেন ২০১৪ সালে ৩০শে জানুয়ারী সহকারী কমিশনার (ভূমি) এবিএম রওশন কবির বদলী হওয়ায় পদটি শূন্য হয়। এর পর থেকে নির্বাহী অফিসার মনিরুজ্জামান অতিরিক্ত দায়িত্ব হিসাবে সহকারী কমিশনার (ভূমি) দায়িত্বে ছিলেন। কিন্তু গত ৩০ শে জুলাই ইউএনও মনিরুজ্জামান পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় যোগদান করেন। বর্তমানে পার্বতীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাহেনুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ফুলবাড়ীর ইউএনওর দায়িত্ব পালন করছেন। কিন্তু তিনি শুধু সরকারি চিঠিপত্রে স্বাক্ষর করা ছাড়া ভ্রাম্যমান আদালত পরিচালনা বা জমি জমা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে পারছেন না। ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মুর্তুজা সরকার মানিক বলেন উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি ২টি পদ শূন্য থাকায় লোকজনের দূর্ভোগ বেড়েছে, আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। বর্তমানে ভূমি আইন অনুযায়ী খারিজ ছাড়া জমি হস্তান্তর করা যায় না। এ অবস্থায় সাব রেজিষ্ট্রি কার্যালয়ের কাজে স্থবিরতা দেখা দিয়েছে। তাছাড়া ইউএওর পদটি শূন্য থাকায় ভ্রাম্যমান আদালতও পরিচালিত হচ্ছে না।
এ ব্যাপারে দিনাজপুরে জেলা প্রশাসক মীর খায়রুল আলম বুধবার বলেন নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যাকে পোস্টিং দেওয়া হয়েছে তিনি ৫ই আগস্টের মধ্যে যোগদানের কথা। তবে কর্মকর্তা সংকটের কারনে সহকারী কমিশনার (ভূমি) পদটি পূরণ করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।
বাংলাদেশেরপত্র/এডি/এ