Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে এরশাদ

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান এরশাদ।

তিনি আরো বলেন, মুসলিম বিশ্ব সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব হলো- ঈদুল ফিতর। রমজানের দীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কারস্বরূপ। তাই সাওয়ালের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের ফল্গুধারা।

সাবেক রাষ্ট্রপতি বলেন, পবিত্র ঈদুল ফিতর-আমাদের ধনী-দরিদ্র, উঁচু-নীচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করে। তিনি বলেন, দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান শ্রেনীর জনগণ ঈদের এই আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান মুসলিম উম্মাহর বৃহত্তর শান্তি ও সম্প্রীতি কামনা করে বলেন, ঈদুল ফিতর আমাদের সকলের জন্য শান্তি ও সৌহার্দ্যরে বার্তা নিয়ে আসে। তাই সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে সকল মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার।

এরশাদ ঈদের নামাজ পড়বেন গুলশান আজাদ মসজিদে : হুসেইন মুহম্মদ এরশাদ গুলশান আজাদ মসজিদে পবিত্র ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে সাবেক রাষ্ট্রপতি তার বনানীস্থ কার্যালয়ে সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত অবস্থান করবেন।

তিনি বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে পবিত্র ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ফকির আশরাফের শয্যার পাশে এরশাদ : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকির আশরাফকে ঢাকার উত্তরা ‘লুবানা জেনারেল হাসপাতালে’ দেখতে যান। ফকির আশরাফ লিভার জনিত রোগে আক্রান্ত হয়ে কিচিৎসাধীন আছেন। সাবেক রাষ্ট্রপতি কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথা বলে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

এই সময় এরশাদের সঙ্গে ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি ও পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া। ফকির আশরাপের রোগ মুক্তির জন্য তার পরিবারের পক্ষ থেকে জাতীয় পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের কাছে দোয়া কামনা করেছেন।

Leave A Reply

Your email address will not be published.