নিজামীর রিভিউ শুনানি এক সপ্তাহ পর
বিডিপি প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশনের শুনানি এক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে। আসামি পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ আজ রবিবার এই আদেশ দেন।
২০১৪ সালে মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের এই রায় বহাল রাখে আপিল বিভাগ। গত ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ২৯ মার্চ এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেন নিজামী। আজ আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় রিভিউ পিটিশনটি শুনানির জন্য অন্তর্ভু্ক্ত ছিল। সকালে নিজামীর আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান শুনানি ৬ সপ্তাহ মুলতবি রাখার আবেদন জানিয়ে সময় প্রার্থনা করেন। আদালত এক সপ্তাহ সময় মঞ্জুর করেন।