পদদলনে নিহতের ঘটনায় তিন তদন্ত কমিটি গঠন; প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও স্পীকারের শোক
স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় পুলিশ সদর দফতর, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকার অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলামকে প্রধান করা হয়েছে। তদন্ত কমিটিতে সদস্য হিসেবে আছেন এপিবিএনের কমান্ডেন্ট মোস্তফা কামাল ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডি অ্যান্ড পিএস বিভাগের এএসপি আফজাল হোসেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহসান জানান, এই কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার আল মানুনকে। এএসপি আবদুর রশিদ এবং ময়মনসিংহ জেলা পুলিশের পরিদর্শক ইমরান হোসেন এতে সদস্য হিসেবে আছেন। এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিকা খাতুনকে নিয়ে এক সদস্যের আরেকটি তদন্ত কমিটি করেছে ময়মনসিংহ জেলা প্রশাসন। এ কমিটিকেও তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এদিকে পদদলনে ২৬ জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোকবানীতে এই মর্মান্তিক ঘটনায় যারা মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মৃতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান তার শোকবানীতের ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।