পীরগঞ্জ হরিপুরের দুই স্কুলে এসএসসি পরীক্ষায় শতভাগ ফেল
রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলার দুই শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার্থীরা শতভাগ ফেল করেছে বলে জানা যায়। পীরগঞ্জ উপজেলার তাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবাইদুর রহমানের তথ্যমতে, বিদ্যালয়ের ৪ জন ছাত্রী ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে সবাই ফেল করেছে। অপরদিকে হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া গার্লস হাই স্কুলের সহকারি শিক্ষক আঃ রাজ্জাক জানান, এ বছর ১ জন ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে পাশ করতে পারেনি। দুই স্কুলের ৫ জন পরীক্ষার্থীর তারা সবাই ফেল করে নতুন রেকর্ড তৈরী করেছে। উল্লেখ্য, পীরগঞ্জ তাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ছাত্রীর সংখ্যা ১৪০ জন ও হরিপুর ভাতুরিয়া গার্লস হাই স্কুলের মোট ছাত্রীর সংখ্যা ৮০ জন বলে জানা যায়।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।