Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

প্রেমের কাছে হেরে গেলেন তুহিন

গোপালগঞ্জ :  ঈদে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হওয়ায় প্রেমিকার স্বজনেরা তুহিন মোল্লার (১৮) দুই হাত কেটে ও চোখ উপড়ে ফেলেন। শেষ তাকে বাঁচানো যায়নি। জীবন দিয়ে প্রেমের কাছে হেরে গেলেন গোপালগঞ্জের তুহিন মোল্লা। ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে শনিবার গভীর রাতে মাওয়া ফেরিঘাটে মারা যান তিনি।

এর আগে প্রেমিকা আপন চাচাতো বোনকে নিয়ে গতকাল শনিবার ঘুরতে বের হলে প্রেমিকার ভাইয়েরা তাকে ধরে এনে দুই হাত কেটে বিচ্ছিন্ন করে দেয়। এ সময় তার দুই চোখও উপড়ে ফেলা হয়। ছেলের ওপর এই নির্মম নির্যাতনে বাধা দিতে গেলে বাবা শওকত আকবর মোল্লাকেও কুপিয়ে মারাত্মক জখম করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া গ্রামে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তুহিন মোল্লার বাবা শওকত আকবর মোল্লা বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকায় নেওয়ার পথে তুহিন মোল্লা গভীর রাতে মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘আপন চাচাতো ভাই-বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। মেয়ের পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’ ওই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।

Leave A Reply

Your email address will not be published.