বৃষ্টির প্রার্থনায় পানিতে ৮ ঘন্টা নাচলো কিশোরী!
অনলাইন ডেস্ক: বৃষ্টির বড় অভাব রাজ্যে। তাই বৃষ্টির দেবতাকে সন্তুষ্ট করতে পানির মধ্যে কিশোরী একটানা আট ঘণ্টা নাচ করল। বুন্দেলখণ্ডে গত শনিবার এই আশ্চর্য ঘটনাটি ঘটেছে। উত্তরপ্রদেশে বৃষ্টির অভাবে নানাধরনের সমস্যা দেখা দিয়েছে। এই বছরও বর্ষা ঠিকমতো না আসায় বিপদের সম্মুখীন হচ্ছেন কৃষকরা। চাষেরও বিস্তর ক্ষতি হচ্ছে।
শুধু তাই নয়, অতীতে মিনিটে ১২০ বার কত্থকের বিশেষ ঘূর্ণনের নৃত্য পরিবেশন করে সেই কিশোরী ইতিমধ্যেই নিজের নাম তুলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।
১৫ বছরের অঙ্কিতা বাজপেয়ী হাঁটুজলে দাঁড়িয়ে একটানা আট ঘন্টা নাচ করল। ‘আব সে সাওয়ান’, ‘বারসো রে মেঘা’-র তালে প্রথমে পাঁচ ঘণ্টা একটানা নেচে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিশোরী। কিন্তু মানুষের উৎসাহে তিনি আট ঘণ্টা নাচ করে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
গোটা ঘটনাটির বিষয়ে অঙ্কিতার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাওয়া হলে সে বলে, “একটানা নাচ করে যাওয়া বেশ কঠিন। তার উপর জলের মধ্যে একভাবে নাচতে থাকলে প্রচুর শক্তি ক্ষয় হয়। দুর্বলতা আসে। কিন্তু উপস্থিত দর্শকরা আমাকে প্রচুর উৎসাহ দিয়েছেন। তাতেই সব ক্লান্তি যেন দূর হয়ে গিয়েছে।”
বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে মাথায় হাড়ি নিয়ে একটানা জলের মধ্যে নেচে চলল ছোট্ট মেয়েটি। পুরো সময়ে তার মা এবং তার শিক্ষিকারা তার সঙ্গে ছিলেন। এতে তার উৎসাহ দ্বিগুণ হয়ে গিয়েছিল।