ভূরুঙ্গামারীর কমলা খাতুন সেরা জয়িতা
নাগেশ্বরী প্রতিনিধি, কড়িগ্রাম:
মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত দেশব্যাপী ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমে ‘বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী’ ক্যাটাগরিতে কুড়িগ্রামের সর্বশ্রেষ্ঠ জয়িতার (২০১৪) সম্মানে ভূষিত হলেন ভূরুঙ্গামারীর কমলা খাতুন। এর আগে তাকে একই ক্যাটাগরিতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক সর্বশ্রেষ্ঠ জয়িতা এবং সর্বশেষ গত ১১ এপ্রিল রংপুর আরডিআরএস মিলনায়তনে বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত কর্তৃক জয়িতা (২০১৪) স্বীকৃতি প্রদান করা হয়।
বাল্যবিবাহিত জীবনে দুই সন্তানের জননী হওয়ার পর স্বামী কর্তৃক পরিত্যক্ত হলে এক সময় সমাজে অবহেলিত আর খুবই অসহায় হয়ে পড়েন কমলা খাতুন। সেখান থেকে জীবন সংগ্রামের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে দুই সন্তান নিয়ে সম্মানের সাথে এগিয়ে চলা পল্লীর এই গুণবতী নারীর বাড়ি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের বড় খাটামারী (বাউশমারী) গ্রামে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অন্তর্ভুক্ত বাউশমারী পল্লী সমাজের একজন সক্রিয় সদস্য।