Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মহেশপুরে বৃষ্টিতে ভেসে গেছে ৫ শতাধিক পুকুরের মাছ, তলিয়ে গেছে মাঠের ফসল 

Jhenidah Flood Photo 11-07-15 (1)জেলা প্রতিনিধি ঝিনাইদহ:
কয়েক মাস পূর্বে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি কিছুটা পুষিয়ে নিয়েছিল ঝিনাইদহের মহেশপুর উপজেলার মানুষ। এরপর নতুন উদ্যোগে শুরু করে মাছ চাষ। কিন্তু এবারও ক্ষতির সম্মুখীন হতে হলো তাদের। উপজেলার ৫ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। বাওড়, পুকুর, বিল একাকার হয়ে গেছে। সহায় সম্বল বিক্রি করে মাছ চাষ করে সবই ভেসে গেল বৃষ্টির পানিতে। সব হারিয়ে দিশেহারা উপজেলার ৫ শতাধিক মাছ র‌্যালি।
জানা যায়, মহেশপুর উপজেলার, কাজীড়বেড়, যাবদপুর, মান্দারবাড়ীয়া, আজমপুর, পান্তাপাড়া, শ্যামকুড়, স্বরুপপুর ইউনিয়নে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও বন্যার পানিতে ৫ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকার। বৃষ্টি আর নদীর পানি বেড়ে যাওয়ায় পুকুরের সব মাছ ভেসে গেছে। সেই সাথে তলিয়ে গেছে ফসলের মাঠ। রাস্তা-ঘাট, বাড়ীঘর পানির নিচে। বিল বাওড়ে ভেসে গেছে পুকুরের মাছ। সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে মাছ চাষিরা।
যাদবপুর ইউনিয়নের সস্তারবাজার এলাকার মাছ র‌্যালি মশিয়ার রহমান জানান, তার ৭টি পুুকুররের মাছ বৃষ্টির পানিতে ভেসে গেছে। ৫ লাখ টাকার মাছের পোনা হারিয়ে তিনি এখন পাগলপ্রায়। একই এলাকার রিপন হোসেন জানান, তার ১৩টি পুকুরের ১০ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে। এখন কোনমত জাল দিয়ে পুকুরের ধারে বাঁধ দেওয়া হয়েছে। কিছুটা ক্ষতি পোশাতে পারবেন তিনি। নলপাতুয়া গ্রামের হামিদুল ইসলাম ও জাকির হোসেন জানান, তাদের ধান, পাট ও পুকুরের সব মাছ পানিতে ভেসে গেছে। এতে তাদের ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তারা জানান।
নলপাতুয়া ও সাকোর বিল লিজ নিয়ে মাছ চাষ করছিলো হাবিবুর রহমান ও আব্বাস আলী। ১০০ বিঘা জমির এই দুটি বিলে কাজ করতো প্রায় ১০০ জন শ্রমিক। কয়েক দিনের বৃষ্টিতে ২টি বিলের সব মাছ ভেসে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
এ ব্যাপারে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ এমপি বলেন, আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। কয়েক মাস পূর্বে এ এলাকার কৃষকের প্রচণ্ড শিলাবৃষ্টির সম্মুখীন হয়। শিলাবৃষ্টিতে কৃষকদের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এসময় সরকার সহযোগিতা করেছে। এখন বৃষ্টিতে এ উপজেলার কয়েক’শ পুকুর পানিতে ডুবে গেছে। নষ্ট হয়েছে কয়েক হাজার বিঘা জমির ফসল। ফলে মাছচাষি ও কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আমি ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করার সর্বাত্মক প্রচেষ্টা করবো।

Leave A Reply

Your email address will not be published.