Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : আইজিপি

download (23)নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ প্রদর্শনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। একটি মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেছেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের ব্যাপক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলে মাদক দ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।

সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রৈমাসিক (জানুয়ারি-মার্চ/১৫) অপরাধ পর্যালোচনা সভায় তিনি নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, ‘নারী নির্যাতন বিশেষ করে নারী ও শিশু পাচার, নারীর প্রতি সহিংসতার মত ঘৃণ্য অপরাধের ঘটনা যাতে না ঘটে সে দিকে বিশেষভাবে নজর দিতে হবে।’ তিনি ধর্ষণ মামলা বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, ‘আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার কারণে বর্তমানে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। দেশে যাতে জঙ্গিবাদের উত্থান না ঘটে সেজন্য জঙ্গিদের অপতৎপরতার ব্যাপারে সর্তক ও সজাগ থাকতে হবে।’

সড়ক দুর্ঘটনা ও মহাসড়কে ডাকাতি রোধে পুলিশ প্রধান বলেন, ‘সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সড়ক দুর্ঘটনা হ্রাস করতে হবে। সড়ক দুর্ঘটনার মামলাসমূহ নিবিড় পর্যালোচনার মাধ্যমে দুর্ঘটনার কারণ নির্ণয় করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মহাসড়কে ডাকাতি প্রতিরোধে টহল ব্যবস্থা ও নজরদারী জোরদার করতে হবে।’

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম এন্ড প্রসিকিউশন) মোঃ জহিরুল ইসলাম ভূঁইয়া গত তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন। দেশব্যাপী অপহরণ, খুন, ছিনতাই, চাঁদাবাজি, নারী ও শিশু পাচার, অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধারসহ সামগ্রিক আইন-শৃঙ্খলা সম্পর্কে সভায় আলোচনা হয়েছে। ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনায় দেখা যায়, গত প্রান্তিকের তুলনায় আলোচ্য প্রান্তিকে মোট মামলার সংখ্যা হ্রাস পেয়েছে। আলোচিত সময়ে পুলিশ কর্তৃক বিস্ফোরক দ্রব্য উদ্ধারের পরিমাণ বেড়েছে। বর্তমান প্রান্তিকে গত প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর/১৪) তুলনায় অপহরণ মামলার সংখ্যা কমেছে।

পুলিশ প্রধান তিনটি সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এছাড়া তিনি সর্বাধিক গুরুত্ব দিয়ে বাংলা নববর্ষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি নাইম আহমেদ, এসবির অতিরিক্ত আইজিপি ড. মোঃ জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগম, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মোঃ মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) মোঃ আবুল কাশেম উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.