ময়মনসিংহে যাকাতের কাপড় নিতে গিয়ে ২৭ জনের মৃত্যু
ময়মনসিংহ : ময়মনসিংহে একটি জর্দা কারখানা মালিকের বাড়িতে, যাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারী ও শিশুসহ কমপক্ষে ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো প্রায় অর্ধশত। এ ঘটনায় ওই কারাখানাটির মালিকসহ সাতজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে শহরের অতুল চক্রবর্তী রোড এলাকায় নূরাণী জর্দা ফ্যাক্টরির মালিক শামীম আহমেদের বাড়িতে যাকাতের কাপড় দেয়ার কথা ছিলো। সেহরির আগে থেকেই দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে উপস্থিত হন। ফজরের নামাজের পর কাপড় দেয়া শুরু হতেই প্রচণ্ড ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে পদদলিত হয়ে ঘটনাস্থলেই মারা যান নারী ও শিশুসহ অন্তত ২০ জন।
এ সময় আহত হন আরও প্রায় অর্ধশত। তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত আরও সাত জনের মৃত্যু হয়।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মঈনুল হক।