Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

যুক্তরাষ্ট্রে তিন দিনে গ্রেপ্তার ৫ শতাধিক অবৈধ অভিবাসী

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে তিন দিনে গ্রেপ্তার করা হয়েছে ৫৩৮ জনকে। এর মধ্যে ৩৭৩ জনকে মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যারোলিন লিভিট বলেন, “গত তিন দিনে ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সন্দেহভাজন সন্ত্রাসী, গ্যাং সদস্য এবং শিশু ও অপ্রাপ্তবয়স্কদের ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অপরাধীরাও রয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে ৩৭৩ জনকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং নিকট ভবিষ্যতে আরও রেকর্ড সংখ্যক অভিবাসীকে ফেরত পাঠানো হবে।”

হোয়াইট হাউসের মিডিয়া টিমও পৃথক এক পোস্টে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

গত ২০ জানুয়ারি শপথ নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর মধ্যে “আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান” নামের আদেশের ভিত্তিতেই এই অভিযান শুরু হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প শুরু থেকেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন। নিজের প্রথম মেয়াদেও বহুসংখ্যক অভিবাসীকে ফেরত পাঠিয়েছিলেন তিনি। গত নভেম্বরের নির্বাচনে তিনি যুক্তরাষ্ট্রকে “অবৈধ অভিবাসীমুক্ত” করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র: এএফপি

Leave A Reply

Your email address will not be published.