লোহাগাড়ায় ৪২ পরিবারে বিদ্যুতায়ন ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
লোহাগাড়া প্রতিনিধি, চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা বিবিরবিলায় ৪২ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে।
গত ৯ জুন মঙ্গলবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লোহাগাড়া-সাতকানিয়ার সাংসদ অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি এ শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া ছিল আ.লীগ সরকারের প্রধান নির্বাচনী ইশতেহার। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। আগামী দু’এক বছরের মধ্যেই দেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে যাবে। অপরদিকে, একই ইউনিয়নে নাছির মোহাম্মদ পাড়া-মজিদ মাস্টার সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ সময় তিনি শুধু চরম্বা নয়, লোহাগাড়ার সকল রাস্তাঘাটের উন্নয়ন এ সরকারের আমলেই করা হবে বলে উপস্থিত এলাকাবাসীকে আশ্বাস দেন।
চরম্বা আ.লীগের সভাপতি বিমল কিশোর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান পিপিএম-বার, লোহাগাড়ার থানা আ.লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, লোহাগাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম শামীম খাঁন, চরম্বা ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাদত উল্লাহ চৌধুরী, ইউপি সদস্য ওসমান গণি, লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, বাংলাদেশ যুবলীগের সদস্য আবদুল জব্বার, যুবলীগ নেতা এম. কাউছার উদ্দীন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মামুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোকন সুশীল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও চরম্বা ছাত্রলীগের সভাপতি আসহাব উদ্দীন প্রমুখ।