Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সেভিয়া পরীক্ষায় পাস করল রিয়াল-রোনালদো

স্পোর্টস ডেস্ক:
ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ হ্যাটট্রিকে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লা লিগার চলতি আসরে সেভিয়াকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে টিকে রইল রোনালদো বাহিনী। গত ম্যাচে গোলশূন্য থেকে হতাশা নিয়ে মাঠ ছাড়া রোনালদো এ ম্যাচে খেলেছেন স্বভাবসুলভ ভঙ্গিতেই। সেভিয়ার ঘরের মাঠে আতিথ্য গ্রহণ করা রিয়ালের রক্ষণে বেশ কয়েকবার চিড় ধরিয়েও গোলের দেখা পাচ্ছিল না স্বাগতিকরা উল্টো ম্যাচের ৩৬ মিনিটে গোল হজম করে বসে সেভিয়া। ইসকোর অ্যাসিস্টে দলের ও নিজের প্রথম গোলটি করেন রোনালদো। এর এক মিনিট পরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন পর্তুগিজ এ তারকা। রোনালদোর দ্বিতীয় গোলে সহায়তা করেন জাভিয়ের হার্নান্দেজ। ৪০ মিনিটের মাথায় সেভিয়ার তারকা ভিদালের একটি শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৪৫ মিনিটের মাথায় গোলের দেখা পায় সেভিয়া। দলের সেরা তারকা বাক্কা পেনাল্টির সুযোগ থেকে দলের ব্যবধান কমান। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিশ্রামে যায় কার্লো আনচেলত্তির রিয়াল। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় ওয়েলস তারকা গ্যারেথ বেলের অ্যাসিস্ট থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। আর ৭৯ মিনিটে ভিদালের অ্যাসিস্ট থেকে আবারো ব্যবধান কমান সেভিয়ার ইবোরা। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-২ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদ। লা লিগার চলতি আসরে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা।

Leave A Reply

Your email address will not be published.